রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা এখন শেষ ধাপে। একাধিক দিনের ধারাবাহিক বৈঠক ও আলোচনার পর বুধবার (১৪ জানুয়ারি) জোটের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসছেন। এই বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যার মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে নির্বাচন করবে। সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
জোটের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার আলাদাভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আসন সমঝোতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজকের যৌথ বৈঠকেই সব দলের মতামত সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, আসন বণ্টন নিয়ে দীর্ঘদিনের আলোচনা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেসব বিষয়ে দ্বিধা বা অনিশ্চয়তা ছিল, সেগুলো ধীরে ধীরে কাটছে। তিনি বলেন, আজ শীর্ষ নেতাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, সেখানেই সব বিষয় পরিষ্কারভাবে জানানো হবে।
তবে এখন পর্যন্ত আসন বণ্টনের কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জোটসংশ্লিষ্টরা জানিয়েছেন, কোন দল কতটি আসনে প্রার্থী দেবে সে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানানো হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ও অবস্থান নিয়েও আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এখনো সব দলের সঙ্গে চূড়ান্ত যোগাযোগ সম্পন্ন না হলেও আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের বৈঠকেই সব দল এক টেবিলে বসে সিদ্ধান্তে পৌঁছাবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরেও মঙ্গলবার সন্ধ্যার পর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক চলায় তাৎক্ষণিকভাবে শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ক্ষুদে বার্তায় জানান, তারা বৈঠকে রয়েছেন। পরে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ গণমাধ্যমকে বলেন, আসন সমঝোতা নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও জানান, জোটের সব শরিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং আজকের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমেই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এক-দুদিনের মধ্যেই আসন সমঝোতার ঘোষণা আসবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুতই সবাইকে একসঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর কথা থাকলেও এখনো পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা প্রকাশ হয়নি। ফলে আজকের ঘোষণার দিকেই রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম