ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এই সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারা জীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি। আমরা মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করছে। আমাদের মা-বোনেরা যাতে স্বাধীনভাবে, আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করবেন এবং উন্নয়নের সুফল ভোগ করবেন। একই সঙ্গে সবাই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং বিএনপি নেতা খায়রুল বাসার আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব