রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন মোট ৫৩ জন প্রার্থীর আপিল আবেদন মঞ্জুর করা হলেও বিএনপির একজন প্রার্থীর ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় তারা নির্বাচনের দৌড়ে ফেরার সুযোগ পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে দিনব্যাপী শুনানি শেষে এসব সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
চতুর্থ দিনের শুনানিতে যশোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল আবেদন নামঞ্জুর করে ইসি। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন।
অন্যদিকে, ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত দেয় কমিশন। রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ খারিজ করে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এতে করে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা থাকল না।
একই দিন কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থী মো. ইউসুফ সোহেলের আপিলও মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আগে হলফনামায় প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে আপিল শুনানিতে বিষয়টি পর্যালোচনা করে ইসি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এবং তার প্রার্থিতা পুনর্বহাল করে।
উল্লেখ্য, মো. ইউসুফ সোহেল কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট আসনগুলোতে রাজনৈতিক সমীকরণ নতুন করে আলোচনায় এসেছে। আপিল শুনানির প্রতিটি দিনেই প্রার্থিতা ফিরে পাওয়া ও হারানোর মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/ঝুম