| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৪:২০:১৩:পূর্বাহ্ন  |  ১৪০৮৯৬২ বার পঠিত
আজ  সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় দৈনিক আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই বৈঠককে ঘিরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বৈঠকের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি টেলিফোনে আলাপ হয়। ওই ফোনালাপে দেশে ফেরার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালের পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। তবে দেশে ফেরার পর আজকের বৈঠকটিই হতে যাচ্ছে দুজনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ রাজনৈতিক আলোচনা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কী ধরনের সমঝোতা বা সিদ্ধান্ত আসে, সেদিকে সবার নজর থাকবে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪