| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় : যুবদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:২১:৪৫:অপরাহ্ন  |  ৭০৭৬৬৭ বার পঠিত
ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় : যুবদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০)। তিনি বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। অপর যুবদল নেতা আশরাফুল ইসলাম (৪২), তিনি বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে।

তৃতীয় আসামি শাহিন হোসেন (৩৪), তিনি বগুড়া শহরের বৃন্দাবন পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।

ভুক্তভোগী হলেন সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬)। এ ঘটনায় তার স্ত্রী মোছা. আনজু মান আরা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রতিদিনের মতো পৌরসভা কার্যালয়ে যান। সেখান থেকে দুপুরের খাবারের উদ্দেশ্যে বের হয়ে সারিয়াকান্দি থানাধীন কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে দাবি করে জোরপূর্বক মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে বগুড়া শহরের দিকে নিয়ে যায়।

পরে তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে প্রথমে ১ লাখ ৬০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন। মোট ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

ঘটনার পর বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দ্রুত তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ভুয়া সাংবাদিক ও ডিবি পরিচয়ে এই অপরাধ সংঘটিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪