| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকসভায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিট রিপোর্টারদের তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৭:০১:৪১:অপরাহ্ন  |  ১৩৯৪৬৭৯ বার পঠিত
শোকসভায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিট রিপোর্টারদের তীব্র নিন্দা

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি বিটে কর্মরত সব মাধ্যমের সাংবাদিকরা।

শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একটি শোকসভা ও রাজনৈতিক দলের বড় কর্মসূচিতে এ ধরনের আচরণ শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার বিকেলে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন অনুষ্ঠানস্থল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন হঠাৎ ‘এখানে লাইভ হবে না’ বলে উচ্চস্বরে চিৎকার করে তার দিকে তেড়ে যান। একপর্যায়ে তিনি সালেহীনের কলার ধরে টেনে নিয়ে যান এবং শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত বিএনপির কয়েকজন নেতা ও সাংবাদিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

একই সময়ে গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে সালেহ উদ্দিন আপত্তিকর ও অশালীন আচরণ করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করেন, আয়োজক কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তির এমন অপেশাদার, উদ্ধত ও আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশ্ন তুলেছেন—এ ধরনের ব্যক্তিকে এত বড় রাজনৈতিক আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক, তা বিএনপির নীতিনির্ধারকদের নতুন করে ভাবা উচিত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ, এবং সম্প্রতি একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বিএনপি বিটের সাংবাদিকদের। এসব ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত হয়েছেন তারা।

বিএনপি বিট রিপোর্টাররা মনে করেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন। সে কারণে রাজনৈতিক কর্মসূচি কাভার করতে গিয়ে সাংবাদিকদের যেন কোনো ধরনের হয়রানি, লাঞ্ছনা বা অযাচিত বাধার মুখে পড়তে না হয়—সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।

বিবৃতির শেষে সাংবাদিকরা স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তারা সংগঠিতভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪