| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২০:৫৪:২৮:অপরাহ্ন  |  ১৩৫৩৯৪৬ বার পঠিত
ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে এই প্রচারাভিযানের সূচনা করেন তিনি।

প্রচার শুরুর সময় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গভীর রাত হলেও পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা, প্রকাশ করেন ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও আস্থার কথা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আমরা আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন শুধু একটি দিনের বিষয় নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

তিনি আরও বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ যখন আপনাদের মেয়ে এখানে এসেছে, তখন তার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদেরই। তিনি উল্লেখ করেন, এই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন দক্ষিণ সুরমাসহ সংশ্লিষ্ট এলাকায় ধানের শীষ বিজয়ী হবে।

তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, বিরাইমপুর, দক্ষিণ সুরমা ও আশপাশের এলাকা থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে পারবেন কি না। এর জবাবে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালি ও স্লোগানের মাধ্যমে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই প্রচার শুরুর মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে। তারা বলেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্বাচনী বার্তা দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রচারাভিযান শুরুর এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪