| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির কড়া নির্দেশনা

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২১:৩১:৫৭:অপরাহ্ন  |  ১৫২১৯০৭ বার পঠিত
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে

সিনিয়র রিপোর্টার: পুলিশ কর্মকর্তাদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগ করাকে সরাসরি ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি গ্রহণ না করেই ছুটি বা ব্যক্তিগতসহ বিভিন্ন উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করছেন, যা বাহিনীর শৃঙ্খলা ও দায়িত্ব পালনের পরিপন্থী।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো ইউনিট প্রধান ছুটি, প্রশিক্ষণ, ব্যক্তিগত বা অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগ করতে চাইলে অবশ্যই আগে আইজিপির পূর্বানুমতি নিতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনাপত্রটি ডিএমপি কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, এসবিসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বাহিনীর সামগ্রিক শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং মাঠপর্যায়ের তদারকি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংবেদনশীল থাকলে ইউনিট প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাহিনীর মনোবল ও কার্যকারিতার জন্য অপরিহার্য।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচনের আগ পর্যন্ত সব ইউনিট প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর আশা করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪