| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১১:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৭৮ বার পঠিত
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে প্রয়োজনীয় অর্থ অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক অবস্থান ও কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন। কারণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণ গ্রহণ করলে দেশের বিদ্যমান ঋণের বোঝা আরও বাড়বে। তাই জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদানভিত্তিক অর্থায়নের আওতায় আনা জরুরি।

তিনি জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

রিজভী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, এ সংকট মোকাবিলায় দেশের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও বাস্তব চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন তারেক রহমান। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে এ সংকট মোকাবিলায় বিশ্বের দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।

বাংলাদেশের পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত থেকে আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নিয়েছেন।

রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এর ফলে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনাও ঘটছে। ইউরোপের একাধিক দেশেও চলতি বছর তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও এর সুদূরপ্রসারী প্রভাবের বিষয়টি স্পষ্ট করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় কোনো একটি দেশের একক উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াতে হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর জন্য উন্নত দেশগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবগুলোর গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম আরও জোরদার করতে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উপকৃত হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এসব দেশের সক্ষমতা বাড়বে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর আগে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজভী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪