| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবজির বাজারে স্বস্তি, চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১২:৪৪:৪৮:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
সবজির বাজারে স্বস্তি, চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। শীত ও গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। এ ছাড়া মুলা ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা ও ছোট আকারের বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা আল আমিন। তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে এ সময়ে টমেটো, গাজর ও শসার দাম কিছুটা বেশি রয়েছে।

বাজারগুলোতে পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, জলপাই ৪০ থেকে ৫০ টাকা ও গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে।

এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ২৫ টাকা ও পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। কচুর লতি ৭০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলা প্রতিহালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারগুলোতে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৫০ টাকা ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারগুলোতে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের শিং মাছ (আকারভেদে) ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা ও এক ডজন হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪