| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমর একুশে বইমেলা ২০২৬: রমজানে আয়োজন ঘোষণায় প্রকাশকদের মধ্যে উদ্বেগ

প্রকাশকদের দাবি: বইমেলা ঈদের পর আয়োজন করা হোক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৯:৫৬:৪৫:পূর্বাহ্ন  |  ১৫০৬৫০৫ বার পঠিত
প্রকাশকদের দাবি: বইমেলা ঈদের পর আয়োজন করা হোক
ছবির ক্যাপশন: প্রকাশকদের দাবি বইমেলা আয়োজন ঈদের পরে হোক

স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা ২০২৬-এর আয়োজন ও সময়সীমা প্রকাশকদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বইমেলা স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে ২২ জানুয়ারি আয়োজিত মতবিনিময় সভায় সৃজনশীল প্রকাশকরা রমজান মাসে বইমেলা আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তা প্রকাশনা শিল্পের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেছেন।

২০২৬ সালের বইমেলা নির্ধারিত হয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। এই সময়সীমা পুরোপুরি রমজান মাসে পড়ায় প্রকাশকদের দাবি, বইমেলা আয়োজন করলে তারা প্রায় নিশ্চিত লোকসান ভোগ করবেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন বলেন, আমরা বইমেলার বিরোধী নই। তবে রমজান মাসে বইমেলা হলে প্রকাশকদের জন্য লোকসান নিশ্চিত। করোনাকালীন ধাক্কা, কাগজ-প্রিন্টিং খরচের অস্বাভাবিক বৃদ্ধি ও পাঠকসংখ্যা কমার কারণে প্রকাশনা শিল্প এখনই চরম সংকটে। তাই বইমেলা ঈদের পর আয়োজন করা জরুরি।

প্রকাশকরা বলেন, রমজান মাসে পাঠক অংশগ্রহণ কম থাকে। দিনের বেলায় মেলায় পাঠক প্রায় অনুপস্থিত থাকেন এবং সন্ধ্যার পর ইফতার, তারাবি ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে পাঠকসমাগম আরও কমে যায়। এছাড়া ঈদের প্রস্তুতি, গ্রামে যাওয়া ও শহর ফাঁকা হওয়ার কারণে বইমেলা আয়োজনে পাঠক উপস্থিতি নগণ্য হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকাশকরা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন, ফলাফল ও নতুন সরকারের গঠনের প্রেক্ষাপটে সারাদেশে অনিশ্চয়তা বিরাজ করবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার কাঠামোগত কাজ যেমন বৈদ্যুতিক খুঁটি স্থাপন, ইটের সোলিং, স্টল নির্মাণ ও স্টল হস্তান্তর ইত্যাদির সময়সূচি এখনও নির্ধারিত নয়। এই অনিশ্চয়তার মধ্যে প্রকাশকদের বিনিয়োগ করা মানে ‘অজানার দিকে ঝাঁপ দেওয়া’ বলে তারা মনে করেন।

কিংবদন্তী পাবলিকেশনের প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, এ সময়সূচি প্রকাশকবান্ধব নয়। রমজান মাসে বইমেলায় অংশগ্রহণ করলে অধিকাংশ প্রকাশক ক্ষতির মুখে পড়বে।

আহমেদ পাবলিকেশন হাউসের প্রকাশক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, আমরা বইমেলার বিরোধী নই, তবে রমজানে বইমেলা হলে প্রকাশনা শিল্পের সংকট আরও বাড়বে। আমাদের দাবি, বইমেলা ঈদের পর আয়োজন করা হোক।

অনন্যা প্রকাশনার প্রকাশক মনিরুল হক বলেন, রমজান মাসে পাঠক উপস্থিতি কম থাকে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি নির্বাচন থাকায় পরিস্থিতি আরও জটিল হবে। তাই এই সময়ে বইমেলা আয়োজন না করাই উত্তম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪