রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, তবে পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে এবং এতে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে না।
তিনি আরও বলেন, বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকার এ বিষয়ে হঠাৎ চাপের মুখে না পড়ে।
সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য ১০০টি জিপ ও ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতিও দেওয়া হয়েছে।
সামরিক সরঞ্জাম প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম