| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ০৮:১৫:৫১:পূর্বাহ্ন  |  ১৩১২৩৭১ বার পঠিত
শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, এই সংঘাত কি এড়ানো যেত না? নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল? সেই দলের লোক কেন সেখানে লাঠিশোঠা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

তিনি আরও জানান, শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনকৃত অনুষ্ঠানে সব প্রার্থীর জন্য নির্ধারিত আসন ছিল। কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা সব আসন দখল করে রেখেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের বসতে দিচ্ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানালেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানায়। এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতা ও সংঘাত দেখা দিয়েছে, তা অনাকাঙ্খিত।

মাহদী আমিন বলেন, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপিই বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। আমাদের লক্ষ্য হলো, নির্বাচন বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ হোক, কেউ যেন সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর উল্লেখ করে বলেন, জামায়াতের প্রার্থীকে বারবার পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী ও বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করেছিলেন ওই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য। তবুও তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে সংঘর্ষ ঘটেছে।

মাহদী আমিন উল্লেখ করেন, এই সংঘাতে একজন নিহত হয়েছেন, এবং বিএনপির ৪০’র বেশি নেতাকর্মী আহত হয়েছেন, কিছুজন আশঙ্কাজনক অবস্থায়। তারা সবাই শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশী। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও শক্তিশালী ভূমিকা প্রয়োজন।

তিনি সব মহলকে আহ্বান জানান, কেউ যেন উসকানি না দেয়, এবং সবাই মিলে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ নির্বাচনি প্রচারণা নিশ্চিত করি।

মাহদী আমিন বলেন, শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। প্রতিটি রাজনৈতিক দল দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখবে, এটিই গণমানুষের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪