| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোলিং এজেন্টরা ফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বে না: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০৯:১৭:০৭:পূর্বাহ্ন  |  ১২৯৮১৪২ বার পঠিত
পোলিং এজেন্টরা ফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বে না: মির্জা আব্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভোটের ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ঢাকা-৮ আসনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। আমি এখনো ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি করবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু ফলাফল ঘোষণায় ইচ্ছাকৃতভাবে দেরি হলে জনগণ তা মেনে নেবে না।

নির্বাচন কমিশনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিন দিন সময় লাগবে বলে যারা বলছেন, তারা কাকে জেতানোর পরিকল্পনা করছেন। এটা পরিষ্কার করা দরকার। ১২ ঘণ্টার বেশি সময় নিলে ধরে নিতে হবে অসৎ উদ্দেশ্য রয়েছে।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে দাবি করে তিনি বলেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত পোলিং এজেন্টদের কেন্দ্র ছাড়তে দেওয়া হবে না। ভোটাধিকার কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

নিজেকে নিয়ে কিছু ব্যক্তির অপপ্রচারের কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কিছু লোক হঠাৎ বড় কথা বলা শুরু করেছে। এলাকার মানুষ, ব্যবসায়ীরা আমাকে ভালো করেই চেনে। রাজনীতিতে আমার ভূমিকা কাউকে প্রমাণ দিতে হয় না।

তিনি আরও বলেন, ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করে কেউ যদি নিজেকে সব কিছুর মালিক ভাবেন, সেটাও ঠিক নয়। দীর্ঘ আন্দোলনের ফলেই আজকের বাস্তবতা তৈরি হয়েছে।

আগামী ১২ তারিখে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই দিন পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা রয়েছে। একটি দল বিপুলসংখ্যক বোরকা তৈরি করেছে বলেও তিনি অভিযোগ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪