| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপনাদের জন্য শহীদ হতে হলে হবো আমি: হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৬:২৮:৪৬:অপরাহ্ন  |  ১২৯৩৯৩৯ বার পঠিত
আপনাদের জন্য শহীদ হতে হলে হবো আমি: হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, তবে সেই প্রথম শহীদ হবো আমি এবং আমার দলের কর্মীরা। অতীতেও আমি আপনার পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

শনিবার (৩১জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখচা ইউনিয়নের বলদাপুকুর গ্রামে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ভোটারদের নিশ্চয়তা দিয়ে বলেন, ভয়ের কোনো কারণ নেই। নির্ভয়ে ভোট দিতে যান, নির্ভয়ে বেরিয়ে আসুন, নির্ভয়ে বাঁচুন। আমি আপনাদের সঙ্গে আছি।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করছি। আমার দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, তাদের কোনো জায়গা আমরা দিতে চাই না।

সাথে তিনি সতর্ক করেছেন, একটি দল আছে, যারা মুসলমান ভাইদের বিভ্রান্ত করছে, বলছে অমুককে ভোট দিলে বেহেশতে যাবে। আমার ইসলামী বিশ্বাসে এ রকম কোনো কথা নেই। যারা সৎকর্ম করে, আল্লাহর পথে চলে, তারাই জান্নাত লাভ করবে। যারা এ ধরনের বক্তব্য দেয়, তারা সত্য কথা বলছে না।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিও তাজা রেখে ফখরুল বলেন, আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি। বহু মানুষ শহীদ হয়েছেন, মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম গেছে। সেই সময়ই এই দল পাকিস্তানিদের সহযোগিতা করেছিল। তারা কখনও বাংলাদেশের স্বাধীনতা মানতে চায়নি। আজও ক্ষমা চায়নি বা অনুতাপ প্রকাশ করেনি।

তিনি দেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, কিছু লোক ব্যাংক খালি করেছে, টাকা বিদেশে নিয়ে গেছে। এখন আমাদের সেই ক্ষতিগ্রস্ত অবস্থাকে ঠিক করতে হবে। ঝড়ে যদি কোনো বাড়ি ভেঙে যায়, আমরা হাল ছাড়ি না এবার দেশকে আবার গড়ে তুলতে হবে। সঠিক মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমরা বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যেতে পারব।

মির্জা ফখরুলের কথায়, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমি ১৫ বছর সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে ১১৭টি মামলা হয়েছে, ১১ বার জেলে গেছি, সাড়ে ৩ বছর কারাভোগ করেছি। কোনো আক্ষেপ নেই। আমাদের আনন্দ এই যে, ভোটাধিকার ফিরে পেয়েছি এবং দেশকে উন্নত করার সুযোগ আমাদের হাতে এসেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪