| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলা, আহত ৭

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৭:৪৪:২৪:পূর্বাহ্ন  |  ৫২৪৪৮ বার পঠিত
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলা, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত ও এনসিপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— এনসিপির জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ (২৭), দাঁড়িপাল্লার কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫)। আহত জাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের বেগমগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গণসংযোগে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রচারণা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চলাকালে বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের জামায়াত ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

নোয়াখালী জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. বোরহান উদ্দিন বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীর শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দিতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪