| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ০৭:৪৭:০৭:পূর্বাহ্ন  |  ১২৩৬৪১৬ বার পঠিত
বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি আজ থেকে বিএনপির হয়ে কাজ করবেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবো।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত একাধিক প্রতিনিধি বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ নেতৃত্ব বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করবে।

এদিন জিতুর সঙ্গে জাকসুর আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তারা হলেন শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তবে তারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, সাম্প্রতিক জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আবদুর রশিদ জিতু ভিপি নির্বাচিত হন। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেলেও শীর্ষ পদে জিতুর বিজয় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে প্রথম সারিতে থাকার কারণে ক্যাম্পাসে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪