রিপোর্টার্স২৪ ডেস্ক: রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে বেড়েছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন।
বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে তিনি মন্ত্রণালয়ে আসেন। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠকে বসেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে মিয়ানমারের চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট গুরুত্ব পেতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।
দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। আজ তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে তার।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার সূচি রয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরের লক্ষ্য দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে আলোচনায়।
বিশ্লেষকদের মতে, এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়—বরং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম