রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফোনটির সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, আসিফ নজরুল তাঁর পুরোনো সিমটি খুলে নেওয়ার পর ছিনতাই হওয়া আইফোনে থাকা সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করার যে সুযোগ তৈরি হয়েছিল, তাৎক্ষণিকভাবে সেটি হারিয়ে ফেলেন অভিযানে থাকা সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
ঘটনার বিস্তারিত জানিয়ে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। প্রযুক্তির সহায়তায় তাঁরা মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফোনটি উদ্ধারে তখন চূড়ান্ত চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য ও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে ঠিক সেই সময় আসিফ নজরুল তাঁর আগের সিমটি খুলে ফেলেন। এতে ফোনে থাকা পুরোনো সিমটি বন্ধ হয়ে যায় এবং হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে ফোনটি উদ্ধারের চেষ্টা বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, বিকল্প উপায়ে মোবাইলটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ সংলগ্ন সড়কে যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন আসিফ নজরুল। এ সময় চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ব্যবহৃত আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় এক ছিনতাইকারী। মুহূর্তের মধ্যেই ফোনটি নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে ছায়া তদন্ত ও অভিযান পরিচালনা করছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ফোনটি উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও কাজ করছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া ডিভাইসটি আইফোন হওয়ায় এর বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে উদ্ধারে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।
কর্মকর্তাদের মতে, বর্তমানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো দামি স্মার্টফোন, বিশেষ করে আইফোন ছিনতাইয়ের পর সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলে। অনেক ক্ষেত্রে ফোনের গুরুত্বপূর্ণ অংশগুলো পৃথকভাবে বিক্রি করে দেওয়া হয়। ফলে ছিনতাইয়ের পর অক্ষত অবস্থায় চোরাই ফোন উদ্ধার করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরক্তি প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি জানান, গাড়ির জানালা খোলা থাকায় মাত্র এক সেকেন্ডের মধ্যে এক তরুণ তাঁর ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়।
একই সঙ্গে তার ব্যবহৃত নম্বর থেকে কেউ টাকা চাইলে কিংবা কোনো সন্দেহজনক বার্তা পাঠালে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। ছিনতাই হওয়া ফোনটি ব্যবহার করে প্রতারণার আশঙ্কা থেকেই এ সতর্কবার্তা দেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সেদিন চলন্ত গাড়িতে থাকা অবস্থায় তাঁর হাত থেকে ব্যবহৃত আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় এক ছিনতাইকারী। সে সময় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর, ২০২১ সালের ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে উদ্ধার করা বেশ কিছু চোরাই মোবাইল ফোনের মধ্যে তৎকালীন পরিকল্পনামন্ত্রীর সেই আইফোনটিও খুঁজে পায় পুলিশ।
ফলে অতীতের সেই ঘটনার মতো আসিফ নজরুলের ছিনতাই হওয়া আইফোনটিও শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম