সোমনাথ দে, আন্তালিয়া (তুরস্ক): জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বিশ্বনেতারা যখন তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ সমবেত হয়েছেন, তখন সম্মেলনে বিশ্বের বড় বড় দূষণকারী করপোরেশন ও তাদের অর্থায়নকারীদের ব্যাপক উপস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর জোট ‘কিক বিগ পলিউটার্স আউট’ (কেবিপিও) প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, এবারের সম্মেলনে অন্তত ১০৩টি বড় দূষণকারী প্রতিষ্ঠান ও শিল্পসংগঠনের প্রতিনিধিরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে জলবায়ুবান্ধব নীতি বাধাগ্রস্ত করা কিংবা নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলন চলাকালে প্রকাশিত কেবিপিওর এই গবেষণা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় করপোরেট প্রভাব ও স্বার্থের সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) প্রকাশিত অংশগ্রহণকারীদের প্রাথমিক তালিকা বিশ্লেষণ করে কেবিপিও জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি, ব্যাংকিং ও অর্থায়ন, শিল্পভিত্তিক কৃষি, খাদ্য উৎপাদন এবং প্রযুক্তি খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে সম্মেলনে।
বিশ্লেষণে জলবায়ুনীতি ক্ষতিগ্রস্ত করার কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট মোট ১০৩টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬০টি জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট, ১৬টি বড় আর্থিক প্রতিষ্ঠান, ছয়টি শিল্পভিত্তিক কৃষি ও খাদ্য উৎপাদন খাতের, তিনটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এবং ২০টি বিভিন্ন খাতের ব্যবসায়িক সংগঠন। কিছু প্রতিষ্ঠান একাধিক শ্রেণিতে পড়ায় খাতভিত্তিক সংখ্যার যোগফল মোট প্রতিষ্ঠানের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
গবেষণার অন্যতম উদ্বেগজনক দিক হলো, জলবায়ু সম্মেলনে করপোরেট প্রতিনিধিদের সংখ্যাগত আধিপত্য। কেবিপিওর তথ্য অনুযায়ী, জলবায়ুনীতি বাধাগ্রস্ত করার অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রতিনিধিদল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসের প্রতিনিধিদলের তুলনায় ১০০ গুণ বড়। নাইজারের তুলনায় ২৫ গুণ, ফিলিপাইনের তুলনায় আট গুণ এবং নেপালের তুলনায় ছয় গুণ বড়।
দেশগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। পরিবেশবাদীদের অভিযোগ, জলবায়ু সংকটের সবচেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করা দেশগুলোর প্রতিনিধিত্ব সীমিত থাকলেও দূষণের সঙ্গে সংশ্লিষ্ট বড় করপোরেশনগুলো আলোচনায় ব্যাপক প্রবেশাধিকার পাচ্ছে।
কপ৩১-এ বড় করপোরেট প্রতিনিধিদলগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল এমিশনস ট্রেডিং অ্যাসোসিয়েশনের (আইইটিএ) ২৯ জন, জার্মানির ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) ২৩ জন, ফরাসি ব্যাংকিং প্রতিষ্ঠান বিএনপি পারিবাসের ২২ জন, এইচএসবিসির ১৯ জন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ১২ জন প্রতিনিধি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি এক্সনমোবিলের ১৩ জন, বিজনেসইউরোপের ১১ জন, মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জেবিএসের সাতজন এবং টোটালএনার্জিস, কারগিল ও বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরকের পাঁচজন করে প্রতিনিধি রয়েছেন।
কেবিপিও জানিয়েছে, বিভিন্ন ধরনের স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিনিধি সম্মেলনে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে ২২২ জন জাতীয় প্রতিনিধিদলের সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত ব্যাজ ব্যবহার করে, ২০৩ জন বেসরকারি সংস্থার প্রতিনিধিদলের মাধ্যমে, ৪৫ জন আয়োজক দেশ তুরস্কের অতিথি হিসেবে এবং ৩১ জন সরাসরি সরকারি আলোচক প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন।
জীবাশ্ম জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন
কপ৩১-এ অংশ নেওয়া বড় আন্তর্জাতিক ব্যাংকগুলোর জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের চিত্রও তুলে ধরেছে কেবিপিওর গবেষণা।
‘ব্যাংকিং অন ক্লাইমেট ক্যাওস’ ডেটাবেজের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নকারী বিশ্বের শীর্ষ ১০০ ব্যাংকের মধ্যে ৩০টির প্রতিনিধি কপ৩১-এ অংশ নিচ্ছেন।
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ৩০টি ব্যাংক কয়লা, তেল ও গ্যাসসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্মিলিতভাবে ২.২ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। একই সময়ে জীবাশ্ম জ্বালানিতে বৈশ্বিক ব্যাংক অর্থায়নের প্রায় ৪০ শতাংশ এসেছে এসব ব্যাংক থেকে।
কেবিপিওর বিশ্লেষণ অনুযায়ী, এই অর্থের পরিমাণ ২০২৫ সালে বিশ্বের অন্তত ১৭৫টি দেশের পৃথক বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। এমনকি বিশ্বের সবচেয়ে ছোট অর্থনীতির ১০০টি দেশের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদনকেও ছাড়িয়ে গেছে এই অর্থের পরিমাণ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এই ৩০টি ব্যাংকের জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন প্রায় ৯৫ বিলিয়ন ডলার বেড়েছে। শীর্ষ ১০ ব্যাংকের অর্থায়ন বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
কপ৩১-এ প্রতিনিধিত্ব থাকা ব্যাংকগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের জেপিমরগ্যান চেজ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জীবাশ্ম জ্বালানিতে ২৪৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। সিটিগ্রুপ করেছে ২০৭ দশমিক ১৯ বিলিয়ন ডলার, মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপ ২০৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার, ব্যাংক অব আমেরিকা ২০৫ দশমিক ৬০ বিলিয়ন ডলার এবং মিজুহো ফিন্যান্সিয়াল গ্রুপ ২০৫ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
এ তালিকায় আরও রয়েছে বার্কলেজ, সিআইবিসি, সিআইটিআইসি, ব্যাংক অব চায়না এবং এইচএসবিসির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
পরিবেশবাদীদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায় যখন জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানাচ্ছে, তখন কয়লা, তেল ও গ্যাস খাতে বিপুল অর্থের প্রবাহ অব্যাহত থাকা বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।
কেবিপিওর সহযোগী সংগঠন সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল (সিআইইএল)-এর প্রতিনিধি লিয়েন ভান্ডামে বলেন, বড় দূষণকারী প্রতিষ্ঠান ও তাদের অর্থায়নকারীরা নিজেদের মুনাফা সুরক্ষিত রাখতে এবং প্রচলিত ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে জলবায়ু আলোচনার বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সংকট সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদেরই এর সমাধান নির্ধারণের সুযোগ দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “যারা আগুন লাগিয়েছে, তাদের হাতে দিয়াশলাই দিয়ে আগুন নেভানো যায় না। একইভাবে যারা সংকট তৈরি করেছে, তাদের হাতে সেই সংকট থেকে উত্তরণের পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়াও যুক্তিসংগত নয়।”
জলবায়ু আলোচনার নিয়মকানুনে মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, করপোরেট মুনাফার চেয়ে বিজ্ঞান, মানবাধিকার এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
নেপালের প্রো পাবলিক ও ফ্রেন্ডস অব দ্য আর্থের প্রতিনিধি প্রকাশ দালাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নেপালের মানুষ জীবিকা হারাচ্ছে, মানসিক আঘাতের শিকার হচ্ছে এবং টিকে থাকার সংগ্রাম করছে।
তিনি বলেন, “জলবায়ু ন্যায়বিচারের দাবি নিয়ে আমরা নেপাল থেকে এসেছি। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত দেশ ও নাগরিক সমাজের তুলনায় বড় দূষণকারী করপোরেশনগুলোকে অনেক বেশি জায়গা দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের পরিবেশবাদী সংগঠন ওয়ালহি পাপুয়ার প্রতিনিধি মাইকেল পিউকি অভিযোগ করেন, বড় দূষণকারী করপোরেশনগুলো জীবাশ্ম জ্বালানি প্রকল্প, বৃহৎ আকারের খাদ্য উৎপাদন এবং কার্বন অফসেট কার্যক্রমের জন্য পাপুয়ার বন ও উপকূলীয় অঞ্চলকে লক্ষ্যবস্তু করছে। তাঁর মতে, এসব উদ্যোগ জলবায়ু সংকটের প্রকৃত সমাধান নয়। বরং যারা দূষণের জন্য দায়ী, তাদের পরিবেশগত ক্ষতির দায়ও নিতে হবে।
গ্লোবাল ক্যাম্পেইন টু ডিমান্ড ক্লাইমেট জাস্টিসের রাচিতা গুপ্তা বলেন, জলবায়ু সম্মেলনগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কথা শোনা। কিন্তু বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলো এসব আন্তর্জাতিক সম্মেলনকে নিজেদের পরিবেশবান্ধব হিসেবে উপস্থাপনের সুযোগ হিসেবে ব্যবহার করছে।
তিনি সতর্ক করে বলেন, করপোরেট স্বার্থের ক্রমবর্ধমান প্রভাব উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের মধ্যে জাতিসংঘের জলবায়ু আলোচনা প্রক্রিয়ার প্রতি আস্থার সংকট তৈরি করছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ব্রাইস বোমারও সম্মেলনে বিপুলসংখ্যক করপোরেট প্রতিনিধির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারগুলোর উচিত তাদের প্রতিনিধিদলে কাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, কেন তাঁদের নির্বাচন করা হচ্ছে এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত কীভাবে মোকাবিলা করা হচ্ছে, তা প্রকাশ করা।
করপোরেট প্রভাব ঠেকাতে কঠোর নীতিমালার দাবি
বিশ্বের ৪৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত কিক বিগ পলিউটার্স আউট জোট দীর্ঘদিন ধরে জাতিসংঘের জলবায়ু আলোচনায় করপোরেট প্রভাব সীমিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছে।
জোটটির অন্যতম দাবি হলো, ইউএনএফসিসিসির অধীনে কার্যকর জবাবদিহি কাঠামো প্রতিষ্ঠা এবং স্বার্থের সংঘাত প্রতিরোধে বাধ্যতামূলক সুরক্ষাব্যবস্থা চালু করা।
নারী ও জেন্ডার কনস্টিটিউয়েন্সি, যুব প্ল্যাটফর্ম ইয়ুঙ্গো, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এবং গ্লোবাল ক্যাম্পেইন টু ডিমান্ড ক্লাইমেট জাস্টিসসহ কয়েকটি আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচার সংগঠনও এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
কেবিপিওর গবেষণায় আরও বলা হয়েছে, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে ১ হাজার ৭৭০ জনের বেশি জীবাশ্ম জ্বালানি লবিস্ট অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে কপ৩০ সম্মেলনেও জীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, কপ৩১-এর তথ্য আগের দুই বছরের পরিসংখ্যানের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না। কারণ আগের গবেষণাগুলো মূলত জীবাশ্ম জ্বালানি খাতের স্বার্থসংশ্লিষ্টদের নিয়ে করা হলেও এবারের বিশ্লেষণে জলবায়ুনীতি বাধাগ্রস্ত করার ইতিহাস রয়েছে এমন বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণায় ইনফ্লুয়েন্সম্যাপের লবিম্যাপ মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ২০২৬ সালের ১ নভেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের জলবায়ুনীতি-সংক্রান্ত কর্মকাণ্ডের মূল্যায়ন ‘সি’ বা তার নিচে ছিল, তাদের এই বিশ্লেষণের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেবিপিও স্বীকার করেছে, তাদের গবেষণা সম্পূর্ণ নয়। অনেক প্রতিষ্ঠানের লবিং কার্যক্রমের তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না। ব্যক্তিগত বৈঠক, অপ্রকাশিত আর্থিক সহায়তা এবং পরোক্ষ প্রভাব বিস্তারের কার্যক্রম শনাক্ত করাও সব সময় সম্ভব হয় না। ফলে করপোরেট প্রভাবের প্রকৃত মাত্রা গবেষণায় উঠে আসা পরিসংখ্যানের চেয়েও বেশি হতে পারে।
গবেষণায় আরও স্পষ্ট করা হয়েছে, কোনো করপোরেট প্রতিনিধির সম্মেলনে উপস্থিতি মানেই তিনি সরাসরি কোনো আলোচনার সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন, এমন নয়। তবে জলবায়ুনীতি বাধাগ্রস্ত করার ইতিহাস রয়েছে এমন প্রতিষ্ঠানের ব্যাপক উপস্থিতি আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
কপ৩১-এ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে কেবিপিওর এই গবেষণা সম্মেলনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলোর বক্তব্য, জলবায়ু সংকটের জন্য উল্লেখযোগ্যভাবে দায়ী করপোরেশনগুলোর হাতে বৈশ্বিক জলবায়ুনীতির ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব থাকা উচিত নয়। বরং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, জনগোষ্ঠী ও সাধারণ মানুষকে।
জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশায় যখন বিশ্ব কপ৩১-এর দিকে তাকিয়ে, তখন সামনে এসেছে একটি মৌলিক প্রশ্ন—আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণে শেষ পর্যন্ত কার স্বার্থ প্রাধান্য পাবে, জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের, নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর করপোরেশনগুলোর?
রিপোর্টার্স২৪/ঝুম