রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা সম্প্রসারণ করে গুগল সার্চের ‘এআই মোড’-এ নতুন ক্যানভাস ফিচার চালু করেছে।
গুগল জানিয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সার্চের মধ্যেই নথি খসড়া করতে, ছোট সফটওয়্যার টুল তৈরি করতে বা গবেষণা ও প্রকল্প পরিকল্পনা সহজে সাজাতে পারবেন।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, ক্লাস নোট ও তথ্য আপলোড করে পড়ার গাইড বানানো বা গবেষণা প্রতিবেদনকে ওয়েব পেজ, কুইজ বা অডিও সারসংক্ষেপে রূপান্তর করা যাবে।
আরও আকর্ষণীয় দিক হলো, কোনো ধারণা লিখলেই ক্যানভাস সেই অনুযায়ী কোড তৈরি করে ছোট অ্যাপ বা গেম বানিয়ে দিতে পারবে, যা ব্যবহারকারীরা চাইলে পরবর্তীতে সম্পাদনা করতে পারবেন।
গুগল জানান, এআই মোডে ক্যানভাস ব্যবহার করতে হলে টুল মেনু থেকে নতুন ক্যানভাস অপশন নির্বাচন করতে হবে। এরপর ক্যানভাস প্যানেল ব্যবহার করে ওয়েব ও গুগলের জ্ঞানভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে কাজ করা যাবে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই ফিচার সরাসরি প্রতিযোগিতায় রয়েছে চ্যাটজিটিপি ও এনথ্রোপিক-এর সঙ্গে, কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনের বিশাল ব্যবহারকারীর সংখ্যা এটিকে দ্রুত কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর সুবিধা দিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম