| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিপিএন দমনে কঠোর হচ্ছে রাশিয়া, ‘বৃহৎ অভিযান’ জোরদার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৪:৫৬:২৭:অপরাহ্ন  |  ১৫১৩৭৪ বার পঠিত
ভিপিএন দমনে কঠোর হচ্ছে রাশিয়া, ‘বৃহৎ অভিযান’ জোরদার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারে কঠোর অবস্থানে যাচ্ছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়নমন্ত্রী জানিয়েছেন, ভিপিএন ব্যবহারের হার কমাতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বহু রুশ নাগরিক ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়িয়ে চলতে ভিপিএন ব্যবহার করেন। তবে কূটনীতিকদের ভাষায় ‘গ্রেট ক্র্যাকডাউন’ নামে পরিচিত এই অভিযানের অংশ হিসেবে সরকার বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা, মেসেজিং সেবা ব্যাহত করা এবং গণযোগাযোগ নিয়ন্ত্রণে বিস্তৃত ক্ষমতা প্রয়োগ করছে।

রাশিয়ার ডিজিটালমন্ত্রী মাকসুত শাদায়েভ রাষ্ট্র-সমর্থিত মেসেজিং প্ল্যাটফর্মে দেওয়া এক বক্তব্যে বলেন, ভিপিএন ব্যবহারের হার কমানোই আমাদের লক্ষ্য। তিনি জানান, ব্যবহারকারীদের ওপর প্রভাব কম রেখে এই নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, কিছু বিদেশি প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সেসব প্ল্যাটফর্মের নাম প্রকাশ করা হয়নি।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া কঠোর তথ্যনিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এতে সোভিয়েত আমলের পর সবচেয়ে কঠোর সেন্সরশিপ ব্যবস্থা চালু হয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানো হয়।

সাম্প্রতিক মাসগুলোতে এই নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি হয়েছে। ইতোমধ্যে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্লক করা হয়েছে এবং টেলিগ্রামের গতি কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মস্কোসহ বিভিন্ন শহরে মোবাইল ইন্টারনেট সংযোগ বারবার বিঘ্নিত করা হয়েছে।

তবে ক্রেমলিনের দাবি, বিদেশি প্ল্যাটফর্মগুলো রুশ আইন মানছে না এবং ইউক্রেনের ড্রোন হামলা প্রতিরোধে মোবাইল ইন্টারনেট নিয়ন্ত্রণ প্রয়োজনীয়।

রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশটিতে ৪০০-র বেশি ভিপিএন ব্লক করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।

তবে পরিস্থিতি ‘বিড়াল-ইঁদুর’ খেলায় পরিণত হয়েছে। একদিকে সরকার ভিপিএন বন্ধ করছে, অন্যদিকে ব্যবহারকারীরা নতুন ভিপিএন ব্যবহার শুরু করছেন। বিশেষ করে তরুণদের অনেকেই প্রতিদিন ভিপিএন পরিবর্তন করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইন্টারনেট নিয়ন্ত্রণে এই কঠোর পদক্ষেপ রাশিয়ায় তথ্যপ্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪