| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী খোলা রাখতে সহায়তার প্রস্তাব ইউক্রেনের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ০০:২৯:৪৬:পূর্বাহ্ন  |  ১০৬৭০১৫ বার পঠিত
হরমুজ প্রণালী খোলা রাখতে সহায়তার প্রস্তাব ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে আগ্রহী দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কৃষ্ণসাগরে নৌ চলাচল রক্ষা ও পুনরুদ্ধারে অর্জিত অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে প্রায় ৪০টি দেশ অংশ নেয়। এতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও অংশগ্রহণ করেন।

জেলেনস্কি বলেন, সমুদ্রপথ রক্ষা ও নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইউক্রেনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমাদের অংশীদাররা প্রস্তুত থাকলে আমরা কীভাবে আমাদের দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে সহায়তা করতে পারি তা বিবেচনা করবো।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেন সমুদ্রভিত্তিক ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে কৃষ্ণসাগরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে, জেলেনস্কি সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করেছেন। চার বছর ধরে যুদ্ধের অভিজ্ঞতায় উন্নত করা প্রতিরক্ষা প্রযুক্তি এসব দেশের সঙ্গে ভাগাভাগি করার উদ্যোগের অংশ হিসেবেই এই সফর বলে জানা গেছে।

তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের সঙ্গে ইতোমধ্যে সহযোগিতা শুরু হয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত ও ইরাকের সঙ্গেও যোগাযোগ চলছে। তুরস্কসহ আরও কয়েকটি দেশের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা করছে ইউক্রেন সরকার।

ইউক্রেনের শীর্ষ আলোচক রুস্তেম উমেরভের কাছ থেকে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন শিগগিরই পাওয়া যাবে বলেও জানিয়েছেন জেলেনস্কি।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                 সূত্র: রয়টার্স

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪