আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে পাকিস্তানকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। তিনি বলেছেন, পাকিস্তানের ওপর ইসরায়েলের কোনো আস্থা নেই এবং যুক্তরাষ্ট্রও দেশটিকে কেবল মধ্যস্থতাকারী হিসেবেই দেখছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজার বলেন, আমরা পাকিস্তানিদের বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্রও তাদের প্রতি অতিরিক্ত আস্থা রাখে এমনটা ভাবার কারণ নেই। তাদের ভূমিকা কেবল সহায়ক, এর বেশি কিছু নয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। আজার বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ইসরায়েলের আশা যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে এবং ওয়াশিংটনই এই দুই সপ্তাহের সময়কে কার্যকরভাবে কাজে লাগাবে বলে তারা বিশ্বাস করে।
লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে পাকিস্তানের সমালোচনার জবাবে তিনি বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।
এর আগে এক সাক্ষাৎকারে আজার গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আপত্তি জানান। তিনি পাকিস্তানভিত্তিক কিছু গোষ্ঠীর সঙ্গে হামাসের সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে পাকিস্তানেই শুক্রবার মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের। দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ধরে রাখা এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিজেকে ‘শান্তির মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরলেও বাস্তবে যুক্তরাষ্ট্রের চাপেই ইসলামাবাদ এই যুদ্ধবিরতি উদ্যোগে ভূমিকা রেখেছে। এমনকি ওয়াশিংটনই তেহরানকে আলোচনায় আনতে পাকিস্তানকে ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যে স্পষ্ট করেছেন, লেবানন বর্তমান যুদ্ধবিরতির আওতায় নেই। তবে ইরান এ অবস্থানের বিরোধিতা করে আসছে, যা চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।
রিপোর্টার্স২৪/এসসি