| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শুরু হলো তারুণ্য কবিতা উৎসব’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৬:১৯:২০:অপরাহ্ন  |  ২৫৫ বার পঠিত
বগুড়ায় শুরু হলো তারুণ্য কবিতা উৎসব’

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কে এম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, শিশু সংগঠক ও উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন আকন্দ এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু।

ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল ও সংস্কৃতিজন এইচ আর মিটন। এ সময় প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ ‘মৌনমুখর’ এবং ইসলাম রফিক সম্পাদিত ‘নিওর’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনী পর্বে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল কথা ও কবিতা, তারুণ্যের বই আলোচনা, কবিতা ও গল্প বিষয়ক মুক্ত আলোচনা এবং স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা প্রদান। বই আলোচনা পর্বে কবি সিকতা কাজলের ‘সাতমাথা সিরিজ’ নিয়ে আলোচনা করেন কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি মাহাবুব টুটুলের ‘কান্না জমা চোখে’ নিয়ে আলোচনা করেন সাকিল মাসুদ, কবি হিরণ্য হারুনের ‘বিভ্রান্ত জাদুকর’ নিয়ে আলোচনা করেন কবি সদ্য সমুজ্জল, কবি দীপংকর মারডুকের ‘উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক’ নিয়ে আলোচনা করেন কবি ফরিদ ছিফাতুল্লাহ, কবি শৈবাল নূরের ‘জলের স্বরাজ’ নিয়ে আলোচনা করেন কবি জয়ন্ত বিশ্বাস, আব্দুল্লাহ আল বাকীর গল্পগ্রন্থ ‘পিওর মসগ্রীণ’ নিয়ে আলোচনা করেন কবি এমরান কবির এবং কবি আল আমিন ইসলামের ‘আগুন পুষি রাখি’ নিয়ে আলোচনা করেন কবি শামীম হোসেন।

সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও লোকগবেষক ড. বেলাল হোসেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।

প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্ত কবি কাজী শোয়েব শাবাব, কবি হিরণ্য হারুন, কবি সাফওয়ান আমিন, কবি মারুফ আহমেদ নয়ন ও কবি শৈবাল নূরকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। দিনব্যাপী সকল আয়োজনের সভাপতিত্ব করেন কালাম আজাদ। অন্যান্য পর্বে সঞ্চালনা করেন কবি সিকতা কাজল, কবি সাকিব শাকিল ও কবি সাওয়ান আমিন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘অন্যরকম’ দল সংগীত পরিবেশন করে।

শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে বাগবাড়ীতে জিয়াবাড়ী পরিদর্শন, বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজে আলোচনা সভা এবং কবি ইসলাম রফিকের ৫৬তম জন্মোৎসব উদযাপন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪