ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে ঘিরে চলমান তদন্ত থেকে সরে এসেছে বিচার বিভাগ, ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী প্রধান নিয়োগের পথে বড় বাধা দূর হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জেনিন পিরো জানান, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে চলা তদন্ত বন্ধ করা হচ্ছে। এতে করে সাবেক ফেড কর্মকর্তা কেভিন ওয়ারশকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রক্রিয়া সহজ হতে পারে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ের সংস্কার ব্যয় এবং এ সংক্রান্ত কংগ্রেসে দেওয়া বক্তব্য নিয়ে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত চলছিল। তবে গত মাসে এক ফেডারেল বিচারক রায়ে বলেন, পাওয়েলের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি এবং তদন্তটি অযৌক্তিকভাবে চাপ সৃষ্টির উদ্দেশে পরিচালিত হয়েছে।
এই তদন্তকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। রিপাবলিকান সিনেটর থম টিলিস ঘোষণা দেন, তদন্ত চলমান থাকলে তিনি ওয়ার্শের নিয়োগ সমর্থন করবেন না। ফলে নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে।
পরবর্তীতে বিচার বিভাগ তদন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় সেই অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন বিষয়টি ফেডের অভ্যন্তরীণ নজরদারি সংস্থা অফিস অব ইনস্পেক্টর জেনারেলের কাছে পাঠানো হয়েছে, যারা সংস্কার প্রকল্পের ব্যয় নিয়ে পৃথকভাবে তদন্ত করবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমানোর জন্য পাওয়েলের ওপর চাপ দিয়ে আসছিলেন এবং প্রকাশ্যে তার সমালোচনাও করেন। বিশ্লেষকদের মতে, এই তদন্ত সেই রাজনৈতিক চাপেরই অংশ হিসেবে দেখা হয়েছিল।
ফেড চেয়ারম্যান হিসেবে পাওয়েলের মেয়াদ আগামী ১৫ মে শেষ হওয়ার কথা। তদন্ত বন্ধের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগের পথ সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি