| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে ভয়ংকর গোপন অস্ত্রের হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ২০:২২:৪৩:অপরাহ্ন  |  ৩৭৬ বার পঠিত
ট্রাম্পকে ভয়ংকর গোপন অস্ত্রের হুঁশিয়ারি ইরানের

আশিস গুপ্ত, নয়াদিল্লি : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মাঝেই তেহরানের পক্ষ থেকে দেওয়া এক নয়া সতর্কবার্তায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরপরই ইরানি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা খুব শীঘ্রই এমন এক গোপন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা তাদের শত্রুদের মনে চরম ভীতির সঞ্চার করবে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি হুংকার দিয়ে জানিয়েছেন যে, ইসলামিক রিপাবলিক খুব শীঘ্রই তাদের শত্রুদের একেবারে ‘হাতের নাগালে’ থাকা এক মারণাস্ত্রের মুখোমুখি করবে। শত্রু পক্ষকে বিদ্রুপ করে তিনি বলেন, “আমি আশা করি এটি দেখার পর তাদের হার্ট অ্যাটাক হবে না।”

ক্রমবর্ধমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানি সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত বিজয়ের স্বপ্নকে উপহাস করেছে। নৌ-কমান্ডারের মতে, শত্রুরা ভেবেছিল তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা জয়ী হবে, কিন্তু তাদের এই ধারণা এখন সামরিক বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কৌতুক’-এ পরিণত হয়েছে। 

ইরানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত তীব্র হওয়ার পর ইরানি সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইজরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে কমপক্ষে ১০০ বার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে চলা এই অভিযানে শত্রুদের অত্যন্ত ‘সংবেদনশীল’ স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি মার্কিনীদের জেদ ও ভ্রান্ত ধারণা বজায় থাকে এবং ইরানের শর্তগুলো প্রত্যাখ্যাত হয়, তবে শত্রুদের ভিন্ন ধরনের ও আরও ভয়াবহ প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি অভিযোগ করেন যে, নৌ-ভিত্তিক প্রাথমিক হামলাগুলো ব্যর্থ হওয়ার পর আমেরিকা অতিরিক্ত ডেস্ট্রয়ার এবং মিসাইল প্ল্যাটফর্ম মোতায়েন করে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে, যা কার্যত কোনো ফল দিচ্ছে না।

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামুদ্রিক বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান দাবি করেছিল যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখতে, কিন্তু ট্রাম্প প্রশাসন শুরু থেকেই পারমাণবিক ইস্যুতে কড়া অবস্থান নেওয়ায় শান্তি প্রক্রিয়া আপাতত বিশ বাঁও জলে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪