স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়ে এবার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখতে এক হাজার ডলারের বেশি দামে টিকিট কিনবেন না তিনি নিজেও।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকিটের এই দাম সম্পর্কে আমি জানতাম না। অবশ্যই খেলা দেখতে চাই, কিন্তু এত বেশি দামে টিকিট কিনব না।
আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ইতোমধ্যে সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী। ফুটবল সাপোর্টার্স ইউরোপ টিকিট মূল্য কাঠামোকে “বিরাট বিশ্বাসঘাতকতা” বলে উল্লেখ করেছে।
ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, কম আয়ের অনেক মার্কিন নাগরিক, বিশেষ করে তার সমর্থকেরা, এই দামে খেলা দেখতে পারবেন না। তিনি বলেন, কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ যদি মাঠে যেতে না পারে, তাহলে সেটা হতাশাজনক হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য টিকিটের মূল্য নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রে টিকিট পুনঃবিক্রয়ের সুযোগ থাকায় বাজারমূল্য বেড়েছে। পাশাপাশি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার চাহিদাও অনেক বেশি।
গ্রুপ পর্বের প্রায় ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে। তবে সমর্থকদের অভিযোগ, ফাইনালের টিকিটের দাম প্রায় ১১ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও টিকিটের দাম নিয়ে ইনফান্তিনো নিজের অবস্থানে অনড়। তিনি যুক্তি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিটের পুনঃবিক্রয় অনুমোদিত হওয়ায় ফিফা এর সুযোগ নিতে বাধ্য। তিনি আরও জানান, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের চাহিদা অনেক বেশি এবং গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে।
ফিফার তথ্যমতে, ২০২২ কাতার বিশ্বকাপের সাথে এই আসরের টিকিটের দাম বেশি। ২০২২ সালের ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকিটের দাম ছিল প্রায় ১,৬০০ ডলার, যেখানে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম ধরা হয়েছে প্রায় ১১,০০০ ডলার।