| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১২:২০:০৯:অপরাহ্ন  |  ১৭৪৯ বার পঠিত
১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে একযোগে ছুটি কার্যকর হবে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে।

তবে বাস্তবে শিক্ষার্থীদের ছুটি শুরু হয়ে যাচ্ছে আরও আগেই। কারণ, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ওই দিন ক্লাস শেষে টানা ছুটিতে যেতে পারবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাপঞ্জি সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ৭ জুন রোববার থেকে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হবে।

এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে শ্রেণিকক্ষ খুলবে।

ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

দীর্ঘ এই অবকাশকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেক পরিবার ঈদ উদযাপন ও অবকাশ কাটাতে গ্রামের বাড়ি কিংবা ভ্রমণ গন্তব্যে যাওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪