স্টাফ রিপোর্টার: নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ নির্বিঘ্ন করতে নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ