ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে।
আল-জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।
আল–জাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।
রিপোর্টার্স ২৪/ এমবি