নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে মব করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন নাছির উদ্দিন নাছির। তিনি লিখেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাছির উদ্দীন পাটোয়ারী।’
তিনি বলেন, ‘আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাছির উদ্দীন পাটোয়ারীর সাথে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।’
অস্ত্রধারী দুজন শিবিরের সন্ত্রাসী উল্লেখ করে তাদের পরিচয়ও দিয়েছেন নাছির। তার পোস্ট অনুযায়ী, তাদের একজন সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত) শহরের কোর্টপাড়ার বাসিন্দা। আর আশিকের বাড়ি কাষ্টসাগরায়। অবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ করেছেন তিনি।
রিপোর্টাস২৪/এম এইচ