আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (২৮ মে) জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানান।
তিনি জাতিসংঘের এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে প্রতিবাদ হিসেবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এ কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে (আইপিএস) অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ইসরায়েলি সংস্থাকে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়।
ড্যানি ড্যানন বলেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে হামাস, আইএসআইএসসহ বিশ্বের জঘন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এটি জাতিসংঘের নৈতিক অবস্থানের অবক্ষয়ের প্রমাণ।
সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা (সিআরএসভি) বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এ কালো তালিকা প্রকাশ করা হয়। এতে সশস্ত্র সংঘাত চলাকালে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত পক্ষগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি