| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে যাচ্ছে ভারত-আমিরাত, গুরুত্ব পাচ্ছে এআই ও অত্যাধুনিক অস্ত্র

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৮:২৬:৫১:অপরাহ্ন  |  ৩৩২৩ বার পঠিত
প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে যাচ্ছে ভারত-আমিরাত, গুরুত্ব পাচ্ছে এআই ও অত্যাধুনিক অস্ত্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রতিরক্ষা উৎপাদন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সামরিক প্রশিক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

গত ২৬ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত ভারত-ইউএই যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির (জেডিসিসি) ১৪তম বৈঠকে এ বিষয়ে দুই দেশ সম্মত হয়।

ভারত সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উদ্ভাবন ও উৎপাদনের ক্ষেত্রে অংশীদারত্ব দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম নাসের এম আল আলাউয়ি যৌথভাবে সভাপতিত্ব করেন।

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় স্বাক্ষরিত ভারত-ইউএই কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব কাঠামোয় গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে বৈঠকটি কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।

পরবর্তী জেডিসিসি বৈঠকের আগে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি নিয়মিত পর্যালোচনার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকের সহসভাপতিরা।

ভারতীয় প্রতিনিধিদলে প্রতিরক্ষা বিভাগ, ভারতীয় সশস্ত্র বাহিনী, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

দুই দেশের প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক অংশীদারত্ব (বিটুবি) গড়ে তোলার লক্ষ্যে ভারতের প্রতিরক্ষা শিল্পের একটি প্রতিনিধিদলও সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আবুধাবি সফর করে।

বৈঠকের পাশাপাশি ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় শিল্প প্রতিনিধিদল তাওয়াজুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করে এবং সংযুক্ত আরব আমিরাতের অংশীদারদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে তাওয়াজুন ইকোনমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করে।

এদিকে ভারতের প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন মুবারক ফাদেল আল মাজরুইয়ের সঙ্গে পৃথক বৈঠক করে।

বৈঠকে উপসাগরীয় অঞ্চল ও পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। একই সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এ সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শুভেচ্ছাও পৌঁছে দেন।

এর আগে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের সাহসী সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ওয়াহাত আল কারামায় শ্রদ্ধা নিবেদন করেন রাজেশ কুমার সিং।

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়কে কেন্দ্র করে কয়েক শতাব্দীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যেও রয়েছে শক্তিশালী যোগাযোগ ও সম্পর্ক।

সময়ের সঙ্গে সঙ্গে এ দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে, যার আওতায় এখন একটি স্বতন্ত্র কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বও অন্তর্ভুক্ত হয়েছে।

সূত্র: ইন্ডিয়া ব্লুমস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪