| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলিয়ান কিশোর ভাঙলেন জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১০:৫২:০৫:পূর্বাহ্ন  |  ৮২৪ বার পঠিত
ব্রাজিলিয়ান কিশোর ভাঙলেন জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন নিয়ে ফ্রেঞ্চ ওপেনে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু সেই স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল। টানা ১০টি মেজর টুর্নামেন্ট পেরিয়েও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেলেন না সার্বিয়ান কিংবদন্তি। এবার তাকে হতাশার সাগরে ডুবিয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলের ১৯ বছর বয়সী উদীয়মান তারকা জোয়াও ফনসেকা।

শনিবার রোলাঁ গারোর তৃতীয় রাউন্ডে নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন ফনসেকা। প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে ৪-৬, ৬-৪, ৩-৬, ৭-৫, ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান কিশোর।

ম্যাচের শুরুটা ছিল জোকোভিচের নিয়ন্ত্রণে। প্রথম ও তৃতীয় সেট জিতে অভিজ্ঞতার ঝলক দেখান ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। তবে হার না মানা মানসিকতা আর দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফিরে আসেন ফনসেকা। শেষ দুই সেটে অসাধারণ টেনিস উপহার দিয়ে তিনি ছিটকে দেন সাবেক বিশ্বসেরাকে।

বিশ্ব টেনিসে নতুন প্রজন্মের উত্থানের আরেকটি বড় বার্তা হয়ে এলো এই জয়। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের বিদায়ের পরদিনই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জোকোভিচও।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোতে জায়গা করে নিলেন ২৮তম বাছাই ফনসেকা। রোলাঁ গারোর চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ হবেন দুইবারের রানার্সআপ ক্যাস্পার রুড অথবা যুক্তরাষ্ট্রের ২৪তম বাছাই টমি পল।

ক্যারিয়ারের স্মরণীয় এই জয়ের পর আবেগাপ্লুত ফনসেকা বলেন, “আমি আসলে জয়ের কথা ভাবিনি। শুধু নিজের খেলাটা খেলে গেছি এবং কোর্টে সময়টা উপভোগ করেছি। নোভাকের মতো একজন কিংবদন্তির বিপক্ষে প্রথমবার খেলা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি প্রতিটি বল যত দ্রুত সম্ভব খেলতে এবং নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে।”

ফনসেকার এই ঐতিহাসিক জয়ে যেমন উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান টেনিস অঙ্গন, তেমনি জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষাও আরও দীর্ঘ হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪