ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমান ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আজ শনিবার এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।
ইসরায়েলি সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কোম শহরের কাছে একটি পাহাড়ের নিচে সুড়ঙ্গের ভেতরে অবস্থিত ফর্দো স্থাপনাটি আগেই লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, 'আমাদের যদি হামলার নির্দেশ দেওয়া হয়, আমরা অবশ্যই পদক্ষেপ নেব।'
হারেৎজ জানিয়েছে, বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে পশ্চিম দিকে গুয়াম দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত দ্বীপ অঞ্চল।
আরও জানানো হয়েছে, তবে বিমানগুলো গন্তব্য পরিবর্তন করে ইরান থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, বি-২ স্টেলথ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড 'বাঙ্কার ব্লাস্টার' বোমা বহনে সক্ষম।
রিপোর্টার্স ২৪/এমবি