বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক সালমান রিয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া মহানগর সেক্রেটারি শরিফুল ইসলাম সবুজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানছুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু তালেব মন্ডল এমপি, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অধ্যক্ষ আব্দুল হক সরকার, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আখন্দ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল ও সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের মহানগর সভাপতি সৈয়দ মোস্তফা কামাল, ড. আব্দুর রাজ্জাক, আকতার হোসেন, ইয়ামিন হোসেন, এনামুল হক, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আসাদুল ইসলাম, কবি একে আজাদ ও মুখলেছর রহমান মুকুলসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। বর্তমানে সমাজে অশ্লীলতা, নগ্নতা, মাদক ও অনৈতিকতা ছড়ায়—এমন সংস্কৃতিকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। তবে ইসলামের আলোকে সৎ, সুন্দর, কল্যাণকর, শালীন ও মানবিক সংস্কৃতিচর্চায় কোনো বাধা নেই। বরং এ ধরনের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমাজের সবাইকে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, নিজস্ব সংস্কৃতির ভালো ও সুন্দর দিকগুলো সংরক্ষণ করতে হবে। পাশাপাশি একজন মুসলমান যেন ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলোকে সুন্দর জীবন পরিচালনা করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ