| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১১:৫৫:৩১:পূর্বাহ্ন  |  ১৮৭ বার পঠিত
চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিনের বিতর্ক, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং পুনর্গঠনের জোরালো দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার।

বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগ করা কমিশনাররা হলেন মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলমান অস্থিরতা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং কমিশনের অভ্যন্তরীণ অসন্তোষের প্রেক্ষাপটে এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে একই বছরের ২ জুন কমিশনার হিসেবে দায়িত্ব নেন মু. মহসীন চৌধুরী। পরবর্তীতে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

পদত্যাগের এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক ঘোষণা। গত ২ জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন।

মন্ত্রীর ওই ঘোষণার পর থেকেই বিএসইসির নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে জোর আলোচনা শুরু হয়। বাজার সংশ্লিষ্ট মহলে নানা জল্পনা-কল্পনার মধ্যেই শেষ পর্যন্ত চেয়ারম্যানসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। তারা কর্মবিরতি, বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কমিশনের নেতৃত্বে পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে বিএসইসির পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদত্যাগের মাধ্যমে বিএসইসিতে নতুন নেতৃত্ব এবং কাঠামোগত সংস্কারের পথ আরও সুগম হলো। এখন বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪