| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডায় স্বামী-সন্তান, বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১২:২০:১৪:অপরাহ্ন  |  ১৮০ বার পঠিত
কানাডায় স্বামী-সন্তান, বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করলেও তিনি একাই থাকতেন রাজধানীর ওই ফ্ল্যাটে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার পুলিশ সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সেলিনা আফরোজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক এবং তাদের দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে তিনি কানাডা ছেড়ে দেশে ফিরে আসেন। এরপর থেকে বাবার পৈত্রিক সম্পত্তির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভবনটির একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন সেলিনা আফরোজ। একই ভবনের চারতলায় তার আরেক বোন বসবাস করতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় যোগাযোগ না পেয়ে খোঁজখবর শুরু করলে বিষয়টি সামনে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর পল্লবীর ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকেও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই নারীর চার সন্তানের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডাপ্রবাসী এবং একজন স্কুলশিক্ষক। সন্তানদের প্রতিষ্ঠিত জীবন থাকা সত্ত্বেও তিনি মেয়ের বাসায় একাই থাকতেন।

রাজধানীতে একাকী বসবাসকারী প্রবীণ ও মধ্যবয়সী মানুষের এমন মৃত্যুর ঘটনা সামাজিক নিরাপত্তা ও পারিবারিক যোগাযোগের বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪