| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১১:৫৩:১০:পূর্বাহ্ন  |  ১৩৮৩ বার পঠিত
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোতালেব হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে আজুগড়া এলাকা থেকে উপজেলা সদরের দিকে রওনা হন। পথে সকাল সাতটার দিকে মেঘুল্লা এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল রড হঠাৎ ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের সব যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে যান।

এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কে পড়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নূরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোতালেব হোসেনের মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ইমাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে আটকে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪