চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনকে আটকে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় তাঁর অবিলম্বে মুক্তি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ অনুযায়ী, সীতাকুণ্ডে এসএ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানার অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জয়নাল আবেদীনকে কারখানায় ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরে সীতাকুণ্ড থানা-পুলিশকে খবর দেওয়া হলে এসআই নুরুল উল্লাহ তাঁকে আটক করেন। প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা আটক রাখার পর মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, ওসি তদন্ত মোস্তফা এবং উপপরিদর্শক (এসআই) নুরুল উল্লাহকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জয়নাল আবেদীনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জয়নাল আবেদীনকে মুক্তি দেওয়া না হলে সীতাকুণ্ড থানা ঘেরাও করা হবে।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।
তিনি বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারও দ্বিমত থাকলে সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানানো কিংবা আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিক জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘণ্টা থানায় আটক রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা নিন্দনীয়।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিন বলেন, সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। এ সময়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে মামলা ও গ্রেপ্তারের ঘটনা তাঁরা মেনে নিতে পারেন না। তিনি বাংলাদেশ সরকারের প্রতি জয়নাল আবেদীনসহ কারাগারে থাকা সাংবাদিকদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ