ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে অবগত হন মন্ত্রী। এ সময় হাজিরাশিট পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিষয়ে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রোগীদের জন্য পর্যাপ্ত মশারির ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
এর আগে শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী তারাকান্দা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ