বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ অবস্থায় থাকা আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্চ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল। সময়মতো অভিযান পরিচালনার ফলে সম্ভাব্য একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন