বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী আবারও বিয়ে করলেন! খবরটি শুনে প্রথমে চমকে যেতে পারেন অনেকে। তবে নতুন কোনো সম্পর্ক নয়, নিজের স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই এবার আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেত্রী।
বাংলা বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মধুমিতা চক্রবর্তী অভিনয়জগতে পা রাখেন ২০১১ সালে। মহুয়া বাংলার ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু হলেও তাকে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে দেয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’। সেখানে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
পরবর্তীতে ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর দীর্ঘ সময় বাংলা টেলিভিশন থেকে দূরে ছিলেন মধুমিতা। সেই সময়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে ব্যস্ত রাখেন। পরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরলেও সেই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে টেলিভিশনের বাইরে অন্যান্য মাধ্যমেই বেশি সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে চলতি বছরের ২৪ জানুয়ারি ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তী। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই সামাজিক বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। চার মাস পর এবার নিজেদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন এই তারকা দম্পতি।
গত বৃহস্পতিবার (৪ জুন) আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। জীবনের এই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবিগুলোতে দেখা যায়, অত্যন্ত মনোযোগ দিয়ে আইনি নথিতে স্বাক্ষর করছেন অভিনেত্রী, আর পাশে বসে স্নেহভরে তাকিয়ে আছেন দেবমাল্য। কোথাও আবার নিজেদের আদুরে পোষ্যকে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তারা।
ছবিগুলোর সঙ্গে মধুমিতা লিখেছেন, ‘Legally Yours’— অর্থাৎ ‘আইনতও তোমার’। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই যেন ধরা পড়েছে তাদের সম্পর্কের গভীরতা ও ভালোবাসার বন্ধন।
ঘরোয়া পরিবেশে সম্পন্ন হওয়া এই আইনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দম্পতির প্রিয় পোষ্য, যে পুরো সময়জুড়েই তাদের সঙ্গ দিয়েছে। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, ভক্ত ও নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তীতে বিচ্ছেদ ঘটে। এরপর ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর মধ্যেই নতুন করে জীবনসঙ্গী খুঁজে পান তিনি। পেশায় আইটি কর্মী দেবমাল্য বিনোদন জগতের মানুষ না হলেও দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের শুরু। ২০২৪ সালের দুর্গাপূজায় আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি। দেখতে দেখতে তিন বছর পেরিয়েছে তাদের ভালোবাসার পথচলা।
রিপোর্টার্স২৪/ঝুম