| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে পুশ-ইনের আরও ৮ অপচেষ্টা প্রতিহত বিজিবির

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১২:০৮:২৯:অপরাহ্ন  |  ৬৮৭ বার পঠিত
সীমান্তে পুশ-ইনের আরও ৮ অপচেষ্টা প্রতিহত বিজিবির

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে লোকজন ঠেলে পাঠানোর (পুশ-ইন) আরও আটটি অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারির কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৬ জুন) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা শূন্য লাইনে অবস্থান নিয়ে তাদের বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ফিরে যান।

অন্যদিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ করমুডাঙ্গা সীমান্ত এলাকায় ১৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।

একইভাবে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবির দ্রুত পদক্ষেপে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়। বিজিবি উভয় ক্ষেত্রেই কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে দুর্গাপুর সীমান্তের বিপরীতে কয়েকজন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছেন এবং পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে।

এদিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আওতাধীন পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জনকে সীমান্তের কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ থেকে ১৭ জনকে জড়ো করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে পরে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি কোনো ধরনের পুশ-ইন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বাহিনীটি আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪