| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের আমলের চুরি-অর্থপাচারের কারণে বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১২:৪১:০৭:অপরাহ্ন  |  ৪১৫ বার পঠিত
আ.লীগের আমলের চুরি-অর্থপাচারের কারণে বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত চুরি ও অর্থপাচারের কারণেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতীত সরকারের সময় যে চুরি ও অর্থপাচারের ঘটনা ঘটেছে, তার আর্থিক বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তার ভাষায়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির চক্র থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসা সহজ নয় এবং এই প্রক্রিয়ায় সময় লাগবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয় করলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন ও সীমিত আয়ের গ্রাহকদের স্বার্থ বিবেচনায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়নি। ফলে এসব গ্রাহককে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

তিনি আরও বলেন, একই নীতিগত বিবেচনায় অকটেন ও পেট্রোলের দাম সমন্বয় করা হলেও ডিজেলের মূল্য দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি।

ডা. জাহেদ উর রহমান অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশের বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল, যার দীর্ঘমেয়াদি প্রভাব এখনো অর্থনীতি ও জ্বালানি খাতে বিদ্যমান রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকট মোকাবিলা এবং মূল্যস্ফীতির চাপ কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪