স্টাফ রিপোর্টার: প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২২ জুন) রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
এরআগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা-পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম বলেন, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।
তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
যে ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়, তাদের মধ্যে আছেন ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ ও তৎকালীন নির্বাচন সচিবসহ প্রধান নির্বাচন কমিশন অফিসের অন্যান্য কর্মকর্তা।
এ তালিকায় আরও আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
অভিযোগে আরও আসামি করা হয়, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরীকে।
অভিযোগে একই সময়ে দায়িত্ব পালন করা তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান (অজ্ঞাত), জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান (অজ্ঞাত) এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল আলমের নাম উল্লেখ আছে।
রিপোর্টার্স২৪/আরএইচ