নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে। তাদের দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।
মঙ্গলবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে।
এখন পাশের দেশে বসে দেশ অশান্ত করতে, অকার্যকর করতে, গোপন ষড়যন্ত্র করছে। বিরোধী দলের উদ্দেশে জাতীয় সংসদের হুইপ বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে। বিরোধী দল যেকোনো ছোটখাট বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এই আন্দোলনের সুযোগ নিতে পারে। আন্দোলনের কারণে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে। তিনি বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি। ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দিবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দিবে। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব