| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল কিংবা জামায়াত ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ২০:৩৫:৫৩:অপরাহ্ন  |  ১০৭৯০ বার পঠিত
ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল কিংবা জামায়াত ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল কিংবা জামায়াতে ইসলামী কেউই ইসলাম নয়; এগুলোকে ধর্মের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নোটিশের জবাবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা ও শেয়ার কাঠামো নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে কিছু শেয়ার ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

ইবনে সিনার শেয়ার লেনদেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্লক মার্কেটে তিন গুণ দামে শেয়ার বিক্রির ঘটনাও রেকর্ড সৃষ্টি করেছে। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা প্রয়োজন। এ জন্য তিনি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তথ্য প্রকাশের আহ্বান জানান।

তিনি বলেন, শেয়ার কেনার পদ্ধতি নিয়ে বিতর্ক থাকতে পারে এবং প্রয়োজনে তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত বা মামলার বিষয় হতে পারে। তবে পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো একটি পৃথক বিষয় এবং সেটিও আলাদাভাবে তদন্ত করা সম্ভব।

সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাদের ‘ইসলামের ওপর হাত দেবেন না’ মন্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিষয়কে ধর্মীয় ইস্যু হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ইসলাম বা জামায়াতে ইসলামী—কেউই ইসলাম নয়। এটি মূলত ব্যাংকিং ও রাজনৈতিক বাস্তবতার বিষয়, ধর্মীয় কোনো বিষয় নয়।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা, ব্যবস্থাপনা এবং ঋণ বিতরণ নিয়ে যে বিতর্ক রয়েছে, সেগুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী প্রয়োজনে পরিচালনা পর্ষদ বাতিলসহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে।

অতীতে ব্যাংকটির বিভিন্ন প্রকল্প ও ঋণ বিতরণ নিয়ে যে অনিয়ম ও প্রশ্ন উঠেছে, সেগুলোও তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪