| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো নতুন সুবিধা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ২২:১৬:২৭:অপরাহ্ন  |  ১০৪৬৯ বার পঠিত
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো নতুন সুবিধা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে ‘সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩’-এ গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সংশোধিত বিধিমালা গত ৭ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

নতুন সংশোধনের মাধ্যমে আউটসোর্সিং কর্মীদের পেনশন স্কিমের আওতায় আনা, পেনশন তহবিল থেকে এককালীন অর্থ উত্তোলনের সুযোগ এবং পেনশন হিসাবের বিপরীতে ঋণ গ্রহণের বিধান যুক্ত করা হয়েছে।

আউটসোর্সিং কর্মীরাও পাবেন পেনশন সুবিধা

সংশোধিত বিধিমালায় প্রথমবারের মতো আউটসোর্সিং সেবাকর্মীদের ‘প্রগতি’ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশি আউটসোর্সিং কর্মীরা ন্যূনতম ৫০০ টাকা মাসিক চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন। চাইলে তারা এর চেয়ে বেশি অর্থও জমা দিতে পারবেন।

চাকরি বা চুক্তিভিত্তিক কাজ সাময়িকভাবে বন্ধ হলেও পরে বকেয়া চাঁদা পরিশোধ করে হিসাব পুনরায় সক্রিয় করার সুযোগ রাখা হয়েছে। ফলে অনিয়মিত আয়ের ব্যক্তিরাও সহজে এই ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

এককালীন অর্থ উত্তোলনের সুযোগ

নতুন বিধিমালার অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হলো এককালীন অর্থ উত্তোলনের সুযোগ। পেনশনযোগ্য বয়সে পৌঁছানোর পর একজন অংশগ্রহণকারী তার সঞ্চিত করপাসের সর্বোচ্চ ৩০ শতাংশ একবারে তুলে নিতে পারবেন।

বাকি অর্থের ভিত্তিতে মাসিক পেনশনের পরিমাণ পুনর্নির্ধারণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, অবসরের পর জরুরি আর্থিক চাহিদা পূরণে এই সুবিধা সহায়ক হবে।

পেনশন হিসাবের বিপরীতে ঋণ

পেনশন হিসাবের বিপরীতে ঋণ গ্রহণের জন্যও নতুন শর্ত নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা পেতে হলে কমপক্ষে ২৪ মাস নিয়মিত চাঁদা জমা দিতে হবে এবং পেনশন হিসাবের করপাসে ন্যূনতম এক লাখ টাকা থাকতে হবে।

একটি ঋণ চলমান থাকলে নতুন ঋণের আবেদন করা যাবে না। ঋণ গ্রহণের পরের মাস থেকেই কিস্তি পরিশোধ শুরু করতে হবে। এ ক্ষেত্রে ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, যা সংশ্লিষ্ট করপাসে যোগ হবে।

নতুন পেনশন সারণি

সংশোধিত বিধিমালার সঙ্গে ‘সমতা’, ‘সুরক্ষা’ ও ‘প্রগতি’ স্কিমের জন্য নতুন পেনশন সারণিও প্রকাশ করা হয়েছে। চাঁদার পরিমাণ ও মেয়াদের ভিত্তিতে সম্ভাব্য মাসিক পেনশনের হার নির্ধারণ করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় নিয়মিত উচ্চ হারে চাঁদা জমা দিলে উল্লেখযোগ্য পরিমাণ পেনশন পাওয়া সম্ভব। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি ৪২ বছর ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে জমা দেন, তাহলে ভবিষ্যতে তার মাসিক পেনশন পাঁচ লাখ টাকার বেশি হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন এসব সুবিধার ফলে সর্বজনীন পেনশন ব্যবস্থায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে এবং সামাজিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪